বিশ্বনাথে কুড়ালে আঘাতে প্রাণ গেল মাজারের খাদেমের
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬ ইং, ৭:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে অপর বন্ধু মাজারের খাদেম শাহ আলম (২৮) খুন হয়েছেন। নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি ছিলেন প্রতাপপুর একটি মাজারের খাদিম। (১৫ এপ্রিল) বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চ বিদ্যালয়ের মাঠে এঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক মিজানুর রহমান (৩২) কে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়। মিজানুর রহমান উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে। এদিকে, শাহ আলমের হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়েছেন তার স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শাহ আলম ও ঘাতক মিজানুর রহমান তারা দুই বন্ধু। দীর্ঘদিন ধরে তারা এক সঙ্গে চলাচল করে আসছে। কিন্তু আজ বুধবার দুপুরের দিকে শাহ আলম ও মিজানুর রহমানের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে মিজানুর রহমান নিজ বাড়ি থেকে কুড়াল নিয়ে শাহ আলমের ওপর আক্রমন চালায়। এতে শাহ আলম রক্তাক্ত হয়ে মাটি পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এম.জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ঘাতক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। শাহ আলমের লাশটি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


