বিশ্বনাথে অগ্নিকান্ডে ব্যবসায়ীর ঘর ভস্মীভূত
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬ ইং, ৪:০৩ অপরাহ্ণ | সংবাদটি 0 View
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে পুড়ে এক ব্যবসায়ীর ঘর ভস্মীভূত হয়েছে। এতে ঘরে থাকা কাপড়, ফার্নিচারসহ ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে যায়। বৃহস্পতিবার (৯ এ্রপ্রিল) রাতে সাড়ে ১১টার দিকে বিশ্বনাথ পৌরসভার সত্তিশ উত্তরপাড়া গ্রামে ব্যবসায়ী মৃত আরব আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে আশপাশের আম, কাঁঠাল, জাম, পেঁপে ও জাম্বুরা গাছও ক্ষতিগ্রস্থ হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য তোফায়েল আহমদ বলেন, রাতের খাবার শেষে পরিবারের সকল সদস্য ঘুমিয়ে পড়ার প্রস্তুসি নিচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি ঘরের একাংশে আগুন লেগে দাউদাউ করে জ্বলছে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে ফার্নিচার ব্যবসার অনেক মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। পরে বাজারের লোকজন ও এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
এ ব্যাপারে বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্থরা অস্বচ্ছল হলে তাদের সরকারি সহায়তা প্রদান করা হবে।


