বালাগঞ্জে অটোরিকশাসহ চালক নিখোঁজ : সন্ধান চেয়ে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫ ইং, ৬:১০ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৫ বার পঠিত
শামীম আহমদ বালাগঞ্জ:: নোহা (মাইক্রো) গাড়ী ভাড়ায় নিয়ে গাড়ীর চালক বিশ্বজিৎ দাস বিষুকে হত্যা করে লাশ সায়েস্তাগঞ্জে ফেলে দিয়ে গাড়ীটি নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনার দেড় মাস পর বালাগঞ্জ থেকে এবার সিএনজি অটোরিকশাসহ এক চালক গত ১৮ মে রাত দশটার পর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ চালকের নাম ইকবাল হোসেন (২৫)। সে বালাগঞ্জ সদর ইউনিয়নের রুপিয়া গ্রামের ছালিক মিয়ার ছেলে। নিখোঁজের বিষয়ে উপজেলার তিলকচাঁনপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা গাড়ীর মালিক নুর উদ্দিন গত ১৯মে বালাগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন। যার নং-৬৬১।
এদিকে নিখোঁজের সন্ধান দাবী করে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বালাগঞ্জ শাখা ও এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার ১১টায় বালাগঞ্জ বাস ষ্টেশন এলাকায় এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে নিখোঁজ চালক ও গাড়ীর সন্ধান দাবী এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তৃতা করেন বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ বাজার বনিক সমিতিন সেক্রেটারী সাবেক মেম্বার মখবুল মিয়া, বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী জয়নাল আহমদ প্রমুখ। ঘন্টা ব্যাপি এই মানববন্ধনে এলাকার সর্বস্থরের লোকজনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন, পে¬কার্ড নিয়ে উপস্থিত হন। মানববন্ধনস্থলে নিখোঁজ চালক ইকবালের পিতা চালক ছালিক মিয়া বলেন আজ চার দিন যাবৎ আমার ছেলেটি নিখোঁজ, যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমার ছেলের সন্ধান চাই।
থানায় দায়ের করা সাধারন ডায়েরী সূত্র জানাগেছে, মার্কেট থেকে সদ্য ক্রয়কৃত “হালিমা পরিবহন” নামের নাম্বার বিহীন সিএনজি গাড়ীটি চালাতেন ইকবাল আহমদ। গত ১৮মে রাত দশটার পর থেকে সিএনজি সহ চালক ইকবাল হোসেনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা এবং চালক ইকবালের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। বালাগঞ্জের চালকরা বার-বার এ ধরনের পরিস্থিতির স্বীকার হওযায় এলাকাবাসী চালক এবং গাড়ীর মালিকদের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে। চালকরা গাড়ী নিয়ে রাস্তায় বের হলেই গাড়ীর মালিকরা চালকদের সাথে মোবাইলে সব সময় তাদের খোঁজ-খবর রাখছেন।
এব্যাপারে বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন থানায় জিডি করা হয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।


