বিশ্বনাথে বাসের ধাক্কায় শিশু নিহত, গাড়ীসহ চালক আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৫ ইং, ৩:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১৭২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা পৌনে ২টায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজার নামক স্থানে এঘটনা ঘটে। নিহত শিশুর নাম মনিরুল ইসলাম (৬)। সে নেত্রকোনা জেলার বাসিন্দা কাশেম মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তারা বিশ্বনাথ কালিগঞ্জ বাজারের আবু বক্করের কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এসময় স্থানীয় জনতা বাস ও গাড়ির চালককে আটক করে পুলিশে সোর্পদ করেন। তবে তাৎক্ষনিক আটক চালকের নাম জানাযায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সিলেট থেকে ছেড়ে আসা জগন্নাথপুরগামী একটি বাস (সিলেট-জ-১১-০০৬৩) কালিগঞ্জ নামক স্থানে আসা মাত্রই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এসময় স্থানীয় জনতা বাস ও গাড়ি চালককে আটক করেন এবং বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে গাড়ী চলাচল স্বাভাবিক হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন সড়ক দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হচ্ছে। গাড়ি ও চালককে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছেন বলে তিনি জানান।


