লামাকাজীতে বিএনপি’র দু’গ্রুপের পাল্টা-পাল্টি সভা আহ্বান : উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ১২:৫৯ পূর্বাহ্ণ | সংবাদটি ১৪০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের লামাকাজীতে আজ শনিবার বেলা ২টায় পাল্টা-পাল্টি বিএনপির দুই গ্রুপ সভা আহ্বান করেছে। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনাকে প্রধান অতিথি ঘোষণা করে ইতিমধ্যে উভয় গ্রুপের পক্ষ থেকে গত ২দিন যাবৎ এলাকায় মাইকিং করা হয়েছে। এনিয়ে এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়। এদিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জানা গেছে, ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার রইছ উদ্দিন ও সাধারন সম্পাদক কবির হোসেন ধলা মিয়া গ্রুপের পক্ষ থেকে শুক্রবার বেলা ২টায় লামাকাজীতে স্থানীয় মধুমালা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আহ্বান করা হয়েছে। অন্যদিকে, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক গ্রুপের পক্ষ থেকে পাল্টা আরেকটি সভা একই সময়ে লামাকাজী পয়েন্টে ডাকা হয়েছে। তবে উভয় গ্রুপের নেতারা দাবি করছেন ইলিয়াস পত্নী লুনা তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গতকাল রাত সাড়ে ১২টায় এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়। অনাকাংখিত ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।
এব্যাপারে লামাকাজী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক বলেন, লামাকাজী পয়েন্টে শনিবার যথাসময়েই আমাদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ভাবী (লুনা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কবির হোসেন ধলা মিয়া বলেন, ইউনিয়ন বিএনপির সভা যথাসময়েই শনিবার মধুমালা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভাবী (লুনা) উপস্থিত থাকবেন। তিনি বলেন, দালালরা বিএনপির নামে আরেকটি সভা ডেকে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, আমরা জানি বিএনপির সভা লামাকাজী মধুমালা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। উক্ত সভায় ইলিয়াস পত্নী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এব্যাপারে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা বলেন, দুটি প্রুপ পাল্টা পাল্টি সভা আহ্বান করেছে শুনে আমি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছে বিষয়টি দেখার জন্য। সভায় অংশগ্রহন করবেন কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, এখনো বলতে পারতেছি না।


