সরকারি কাজে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবেনা—এমপি তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬ ইং, ৪:০২ অপরাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত
শিপন আহমদ:: সরকারি রাস্তার কাজে দুর্নীতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার বা কোনো ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি বলেন, সরকারের দেওয়া সব প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে।
শনিবার (১৬ মে) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদে তার ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা ও পৌর প্রকৌশলী কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
তাহসিনা রুশদীর বলেন, সরকারি অর্থায়নে নির্মিত এলাকার রাস্তা নির্মাণে কোনো অনিয়মের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি তদন্ত কমিটি গঠন ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের প্রকৃত কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।নিজ দলের কেউ যদি উন্নয়ন কাজে অনিয়ম করে, তাকেও ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। নির্বাচনের আগে জনগণের সামনে যেসব ওয়াদা করা হয়েছিল, সেগুলো পালনের লক্ষ্যে পর্যায়ক্রমে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে।সবার সার্বিক সহযোগিতায় বিশ্বনাথ ও ওসমানীনগরে উন্নয়ন করা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, উপজেলার নবাগত প্রকৌশলী হাসানুজ্জামান, পৌর সহকারী প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাওছার খান, শামিম আহমদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, কন্ট্রক্টার শিপন আহমদ, দুলাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল প্রমুখ।


