জগন্নাথপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৫ ইং, ৯:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৬০ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: সুনামগঞ্জের জগন্নাথপুরে চোরাই মোটর সাইকেলসহ শাহীনুর মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের ফিরোজ আলীর ছেলে।
জানা গেছে, গত ২৪ জুলাই রাতে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি গ্রামের হাজী সোনাহর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী উমর আলীর প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ইয়ামাহা (এফ-জেড ২) নামের একটি মোটরসাইকেল চুরি হয়। চোরেরা বাড়ির কেছি গেইট ও ঘরের তালা ভেঙে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী উমর আলী বাদী হয়ে শাহীনুর মিয়াসহ ৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানা পুলিশ তৎপর হয়ে উঠে। গত বুধবার রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই রতন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার ভবেরবাজারে অভিযান চালিয়ে শাহীনুর মিয়াকে গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃত আসামী শাহীনুর মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে পৌর এলাকার এনায়েত নগর গ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃত শাহীনুর মিয়াকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই রতন দেবনাথ জানান, এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


