জগন্নাথপুরে শ্রমিক ধর্মঘট পালিত
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৫ ইং, ১১:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১০১৮ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর::সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা শ্রমিক ধর্মঘট পালিত হয়েছে। সারা দেশের মহা সড়কগুলোতে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে শ্রমিক ধর্মঘট পালিত হয়। রোববার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে একযোগে শ্রমিক ধর্মঘট পালিত হয়। শ্রমিক ধর্মঘটের কারণে অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
এছাড়া শ্রমিক ধর্মঘটের সমর্থনে শ্রমিকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, পৌর পয়েন্ট পূর্ব-হাসপাতাল পয়েন্ট শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজর, সাধারণ সম্পাদক আলী আফছার, শ্রমিক নেতা হাসান মিয়া, সুজন মিয়া, তাহের মিয়া, ফেরদৌস মিয়া, ছোট সুমন, সেলিম মিয়া, লিটন মিয়া, পশ্চিমপাড় শ্রমিক সমিতির শ্রমিক নেতা মাসুক মিয়া, আলামিন, মশিউর রহমান, নুর মোহাম্মদ, শিবগঞ্জ শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মুকিত প্রমূখ।
এদিকে-ধর্মঘটের সমর্থনে পৌর এলাকার ভবেরবাজার, হাসপাতাল পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট, মাদ্রাসা পয়েন্টে, পৌর পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন শ্রমিকরা। এ সময় ধর্মঘট অমান্য করে সড়কে চলাচলকারী অন্যান্য অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন গাড়ি আটক করে পরে ছেড়ে দিয়েছে বলে স্থানীয়রা জানান।
উত্তেজিত শ্রমিক নেতারা জানান, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট চলবে।


