বালাগঞ্জে বিষ দিয়ে প্রতিবন্ধীর পুকুরের মাছ নিধন
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৬৯ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে প্রতিবন্ধী এক যুবকের পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে দুস্কৃতিকারীরা। শনিবার রাতের কোনো এক সময় বালাগঞ্জ সদর ইউনিয়নের রিফাতপুর (পালপাড়া) গ্রামের মৃত সনর মিয়ার ছেলে শারিরীক প্রতিবন্ধী বাবুল মিয়ার পুকুরের পানিতে বিষ দিয়ে এই মাছ গুলো মেরে ফেলা হয়। রোববার সকালে বাড়ীর লোকজন ঘুম থেকে উঠে দেখতে পান মাছগুলো মৃত অবস্থায় পুকুরে পানিতে ওপরে ভাসছে।
ক্ষতিগ্রস্থ বাবুল জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী বাড়ীর বাচ্চু নামের এক যুবক শুক্রবার রাতে ঘরে প্রবেশ করে বোনকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ করায় ঔ যুবক পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে বলে তিনি অভিযোগ করেন। এতে তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযুক্ত বাচ্চু বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
বালাগঞ্জ থানার এএসআই মুহিবুর রহমান বলেন, রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় ভাবে বিষয়টি নিস্পত্তি না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


