জকিগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল আলী
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫ ইং, ১:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৬২৬ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আলী (৫০) নামের এক কৃষক। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পৌর এলাকার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী আলমনগরের মৃত আরফিজ আলীর ছেলে। তিনি ৫ সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়- চাচাতো ভাই খলিলুর রহমানদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মোহাম্মদ আলীর। বৃহস্পতিবার ভোরে এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
সকাল ৭টার দিকে গ্রামের ভেতরের রাস্তায় মোহাম্মদ আলীকে একা পেয়ে খলিলুর রহমান তার উপর হামলা চালায়। খলিলুর রহমানের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ আলী।
আশঙ্কাজনক অবস্থায় তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
জকিগঞ্জ থানার পরিদর্শক শওকত হোসেন জানান- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।


