মানবাধিকার লংঘনকারীদের স্থান এদেশে হতে পারে না—–ড.মিজানুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৭:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি :: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, যারা মহান মুক্তিযোদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে এবং শহীদ বুদ্ধিজীবিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। বাংলাদেশ নামক রাষ্টের জন্ম হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, লংঘনের জন্য নয়। তাই মানবাধিকার লংঘনকারীদের স্থান এদেশে হতে পারে না। রোববার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউপির উদ্যোগে এবং জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তায় আয়োজিত ‘‘মানবাধিকার রক্ষা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণজামায়েত’’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সকারের গৃহিত স্বাধীনতার ঘোষণা পত্রে বাংলাদেশের জনগণের জন্য সমতা, সামাজিক ন্যায় বিচার ও মানব সত্ত্বার মর্যাদার কারণে মুক্তিযোদ্ধে অবতীর্ণ হওয়ার কথা স্পষ্ট করে উল্লেখ ছিল। তাই স্বাধীনতার মূলবোধ মানেই জনগণের সমতা, সামাজিক ন্যায় বিচার ও মানব সত্ত্বার মর্যাদা।
দয়ামীর ইউপি চেয়ারম্যান আবদুল হাই মশাহিদের সভাপতিত্বে এবং মতিন মিয়া ও সেবুল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, যুক্তরাজ্যের লন্ডন সিটির সাবেক মেয়র মুজিবুর রহমান, এডভোকেট মুজিবুল হক, প্রবাসী ফয়েজ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউপি সদস্য আহমদ আলী। অনুষ্ঠান শেষে মিজানুর রহমান দয়ামীরস্থ এসওএস শিশুপল্লী পরিদর্শন করে সেখানে অবস্থানরত শিশুদের খোঁজখবর নেন।


