ওসমানীনগরে ফাঁদ পেতে মেছো বাঘ আটক
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ৯:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ফাঁদ পেতে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় বনবিভাগের কর্মকর্তাদের কাছে আটককৃত বাঘটি হস্থান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওসমানীনগর উপজেলার খাদিমপুর পশ্চিমপাড়া আজাদ মিয়ার পুত্র ইমাদ মিয়া তাঁর বাড়িতে ফাঁদ পেতে মেছো বাঘ আটক করেন। আটকের পর বাঘটি কে এক নজর দেখার জন্য রোববার দিনব্যাপী ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় দেখা যায়। দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বন বিভাগের সংশ্লিষ্টদের জানানো হয়। সন্ধ্যায় শ্রীমঙ্গলের বর্ষিজোড়া বনবিভাগের বিট অফিসার মাহমুদ হোসেন ঘটনাস্থলে আসলে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে বাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
আটককারী ইমাদ মিয়া জানান,গত কয়েকদিন ধরে এলাকায় মেছো বাঘের উৎপাত বৃদ্ধি পেয়েছিল। অবশেষে শনিবার রাতে ফাঁদ পেতে বাঘটি আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।


