বিশ্বনাথে অন্তঃসত্ত্বা গৃহবধু হত্যা মামলায় শ্বশুড়-শ্বাশুড়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৮২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু হত্যা মামলায় গৃহবধুর শ্বশুড়-শ্বাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পূব চানসির কাপন গ্রামের মৃত রহিম উল্লার ছেলে আলকাছ আলী ও তার স্ত্রী ছাফিয়া বেগম গুলেছা। বুধবার রাত ৭টায় উপজেলার পূর্ব চানসির কাপন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার এস আই হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে। যার নং ২২। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারী শনিবার সকালে ৬ মাসের অন্ত:সত্ত্বা মহিলা হেপি বেগম (২২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার পূর্ব চানশির কাপন গ্রামের বুলবুল আহমদের স্ত্রী। উপজেলার পূর্ব চানশির কাপন গ্রামের বুলবুল আহমদের বসত ঘরের পূর্বে একটি গাছে সঙ্গে কাপড় পেছানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদি হয়ে ওইদিন রাতে ৬জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২২।
উপজেলার পূর্ব চানশিরকাপন গ্রামের আলখাছ আলীর ছেলে বুলবুল আহমদের সঙ্গে প্রায় ১৪ মাস পূর্বে একই উপজেলার আজিজনগর গ্রামের ওয়ারিছ আলীর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে ঝগড়া হত। ইতিমধ্যে এলাকার কয়েকজন এনিয়ে কয়েকবার শালিস বৈঠক করেন। কিন্তু শনিবার সকালে হেপির ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।


