বিশ্বনাথের পল্লীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি : ১০ লাখ টাকার মালামাল লুঠ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৬ ইং, ৩:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার :সিলেটের বিশ্বনাথের পল্লীতে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। মঙ্গবার উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মাধবপুর গ্রামে সৌদি প্রবাসী মাছুম হোসেন এর বাড়িতে এ ঘটনা ঘটে। ১৫/১৬ জনের ডাকাত দল বসত ঘরের ক্যালাপসিবল গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে প্রবাসী পরিবারের সবাইকে হাত, পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, ৪টি মোবাইল সেট, কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
প্রবাসীর ভাই মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রায় ১৬ ভরি সোনা, নগদ ৬০ হাজার টাকা, ৪টি মোবাইল সেটসহ ১০ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় ডাকাত দল। থানার অফিসার ইন-চার্জ মো. আব্দুল হাই বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।


