বিশ্বনাথে মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে প্রচার করতে না দেয়ায় মামলা, আটক ১
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৪ ইং, ৮:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৪২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বাবার মৃত্যুর সংবাদ স্থানীয় মসজিদের মাইকে প্রচার করতে না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত চান মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের নুরুল হকসহ ১৩ জনকে আসামি করা হয়। আজ (৩০ অক্টোবর) বুধবার সন্ধ্যায় এ মামলার আসামি তেঘরি গ্রামের মইনুল হককে (৩৮) গ্রেপ্তার করে থানা পুলিশ।
জানা গেছে, গত ১২ অক্টোবর সকাল সোয়া ৭টায় মারা যান খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের চান মিয়া। তার মৃত্যুর পর গ্রামের মসজিদে মৃত্যুর সংবাদ ও জানাজার নামাজের সময় এলাকাবাসীকে জানাতে চাইলে গ্রামের নুরুল হকসহ কয়েকজন মাইক ব্যবহার করতে দেননি। এমনকি মসজিদের ইমামকেও জানাজার নামাজে আসতে দেননি তারা।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, মামলার এক আসামিকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।


