বিশ্বনাথে রাতের আঁধারে কৃষকের সবজি বাগান কেটে দিল দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬ ইং, ৬:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে রাতের আঁধারে এক কৃষকের এক বিঘা জমির সবজি ( ঢ্যাঁড়স) বাগান কেটে দিল দুর্বৃত্তরা। এতে লাখ টাকার ফসল কেটে ফেলায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। তিনি উপজেলার তেলিকোনা গ্রামের বাসিন্দা। (৭ েমে) বৃহস্পতিবার রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শুক্রবার বিকেল ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
জানা গেছে, কৃষক নুরুল আমিন জীবিকার তাগিদে জন্য দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি কিছুদিন পূর্বে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। প্রবাস ফেরত কৃষক অন্যের জমি বর্গা এনে মৌসুমি সবজি চাষে জীবিকা নির্বাহ করে আছেন। সম্প্রতি বাড়ির কাছেই এক বিঘা জমিতে চাষ করেছিলেন ঢ্যাঁড়স। তার ফসলও হয়েছিল ভালো। কিন্তু বৃহস্পতিবার রাতে শত্রুতাবশত কে বা কারা তার ক্ষেতের ঢ্যাঁড়স কেটে ফেলে রেখে যায়। পাশের কলাগাছগুলোও কেটে ফেলে দুর্বৃত্তরা। ।
কৃষক নুরুল আমিন বলেন, ওমান থেকে ফেরার পর কৃষি কাজে নিজে নিয়োগ করি। বর্তমানে এক বিঘা জমি বর্গা এনে ঢ্যাঁড়স চাষ করেছিলাম। আশা ছিল লাখ টাকার ফসল হবে। এগুলো বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে ভাল মতো চলতে পারব। কিন্তু বিক্রির উপযোগী পুরো ক্ষেতের সবজি ফসল কে বা কারা কেটে দিয়েছে। আমি কারও ক্ষতি করিনি।
গ্রামের মুরুব্বি ফারুক আহমদ বলেন, সে (নুরুল আমিন) অত্যন্ত ভালো মনের মানুষ। কৃষিকাজে ভালো চলছিল তার। এ ঘটনায় আমরা হতবাক।
উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ঘটনার খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


