সিলেটে ছিনতাইকালে পুলিশ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৪:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৯১ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটে দুই লাখ টাকা ছিনতাইকালে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে জনতা। সোমবার বেলা দেড়টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ বারুতখানা পয়েন্টে এ ঘটনা ঘটে। আটক শরীফ রানা সিলেট জেলা পুলিশের মোটরযান শাখার কনস্টেবল। ছিনতাইয়ের শিকার তামান্না আকতার কলি নগরীর ধোপাদিঘীরপাড় আল ফালাহ্ টাওয়ারের বাসিন্দা আনসার আলীর মেয়ে।সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ওসি মো. সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বেলা দেড়টার দিকে বারুতখানা পয়েন্টে এক যুবককে আটক করে জনতা। পরে পুলিশ তাকে থানায় নিয়ে গেলে শরীফ রানা নিজেকে পুলিশ বলে পরিচয় দিলে খোঁজ নিয়ে নিশ্চিত হন সে জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল।
ছিনতাইয়ের শিকার তামান্না আকতার কলির বরাত দিয়ে ওসি জানান, দুপুর পৌনে ১২-টায় কলি ২ লাখ টাকা নিয়ে তার ভাইয়ের সঙ্গে বারুতখানাস্থ ডাচ বাংলা ব্যাংকে যান। ব্যাংক থেকে আরো ৬ লাখ ৯০ হাজার টাকা তুলে জিন্দাবাজারস্থ ব্র্যাক ব্যাংকে জমা করার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় বারুতখানাস্থ পয়েন্টে এসে পৌঁছলে একটি মোটরসাইকেল এসে তার গতিরোধ করে। তার সঙ্গে ব্যাগে থাকা দু’লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে রিকশা থেকে তার ভাই ও অন্যরা এগিয়ে আসলে ছিনতাইকারি বারুখানার দিকে দৌঁড় দেয়। পালানোর সময় আশেপাশের সিকিউরিটি গার্ড ও জনতা তাকে ধরে ফেলেন। গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ওসি আরো জানান, ছিনতাইয়ের অভিযোগে আটক কনস্টেবল শরীফ রানাকে জিজ্ঞাসাবাদ চলছে।


