সিলেটে রাষ্ট্রপতি আসছেন শনিবার
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৫ ইং, ১২:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৬০৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামীকাল শনিবার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে তিনি সিলেট এসে পৌঁছাবেন। সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকাল ৩টার দিকে তিনি ঢাকায় ফিরবেন।এদিকে রাষ্ট্রপতির সিলেট আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার থেকেই সিলেটজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ সূত্র।
রাষ্ট্রপতির নিরাপত্তাকে কেন্দ্র করে মহানগর পুলিশের বাইরে থেকে অতিরিক্ত ৬০০ পুলিশ সদস্যকে আনা হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য ১০০ র্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উলাহ বলেন, ‘শনিবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি সিলেট আসছেন। বিকাল ৩টার দিকে তিনি ফিরে যাবেন। তাঁর সিলেট আগমনকে ঘিরে কঠোরতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
র্যাব-৯ এর উপ-পরিচালক তানভীর আহমদ বলেন, ‘রাষ্ট্রপতির সফরে র্যাবের প্রায় ১শ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শ অনুসারে র্যাব নিরাপত্তার দায়িত্ব পালন করবে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।


