শিয়াল কামড়ে ওসমানীনগরে নারীসহ আহত ৩০
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৪০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলায় শিয়ালের কামড়ে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শিয়ালের আক্রমনে শুধু মানুষ নয় প্রায় অর্ধশতাধিক গরু ও ছাগল আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার বুরুঙ্গা, বোয়ালজুর ইউনিয়নসহ পাশ্ববর্তী গ্রামে সোমবার সন্ধ্যার পর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তারা শিয়ালের আক্রমনে আহত হয়েছেন। শিয়ালের কামড়ে আহতরা হলেন-খামার গাঁও গ্রামের হাসান মিয়া, নুর মিয়া, নুনু মিয়া, ছানা বেগম, আমিনা বেগম ,গৌছ আলী, রানু বেগম,মখলিছ মিয়া, সুফিয়া বেগম, উজ্জল মিয়া, সেলিম মিয়া, রাজনা বেগম, হাফছা বেগম,কামরুল মিয়া, তাছলিমা বেগম, ফলেজা বিবি,আনহার মিয়ার স্ত্রী ও বোন। এছাড়া উপজেলার একাধিক এলাকায় আরও ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দা মোবাইলফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেন। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করেও শিয়ালকে আটক করতে পারছেন না। শিয়ালের আক্রমন থেকে রক্ষা পেতে বিভিন্নভাবে নিরাপত্তা জোরদাড় করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসি। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ফলে গোটা উপজেলায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে।
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লেবু মিয়া জানান, সোমবার সন্ধ্যায় হঠাৎ করে লোকালয়ে একটি শিয়াল প্রবেশ করে এ পর্যন্ত প্রায় ৩০/৩৫ জন লোক কামড়ে আহত করেছে। শিয়ালটিকে আটকের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ধাওয়া করা হলেও আটক করা যাচ্ছে না। ফলে এলাকায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে।
খামার গাঁও গ্রামের শাহ আবদুল বারি, বলেন সোমবার সন্ধ্যায় দুটি শিয়াল লোকালয়ে প্রবেশ করে গ্রামের প্রায় ২৫ জনকে কামড় দিয়ে আহত করেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।


