সিলেটজুড়ে ৮১২ প্রার্থীর ভোটযুদ্ধ আজ
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫ ইং, ১২:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১০১৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: শেষের পথে ভোটের প্রতীক্ষা। হাতেগোণা কয়েক ঘন্টা পরেই দেশের অন্যান্য পৌরসভার সাথে সাথে সিলেট বিভাগের ১৬টি পৌরসভায়ও শুরু হবে ভোট উৎসব। সিলেটের এই ১৬টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, খেলাফত মজলিস, আল ইসলাহসহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে আজ বুধবার নির্বাচনে মূল লড়াইটা আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যেই হবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।
আজ বুধবার সকাল থেকে সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তন্মধ্যে সিলেট জেলার ৩টি, সুনামগঞ্জে ৪টি, মৌলভীবাজারে ৪টি এবং হবিগঞ্জে ৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মেয়র পদে ৭৫ জন, কাউন্সিলর পদে ৫৮৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব নির্বাচনী এলাকার ৩ লাখ ৪০ হাজার ভোটার অধীর আগ্রহে তাকিয়ে আছেন আজকের ভোটযুদ্ধের দিকে।
আজকের এই ভোটযুদ্ধ শেষ পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির লড়াইয়ে পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট বিভাগের ১৬টি পৌরসভাতেই আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী রয়েছে। তবে দল সমর্থিত প্রার্থীদের চ্যালেঞ্জ করে ৯টি পৌরসভাতে রয়েছেন বিদ্রোহী প্রার্থী। তন্মধ্যে আওয়ামী লীগের ১৫ জন এবং বিএনপির ৫ জন। কোনো কোনো পৌরসভায় দল সমর্থিত প্রার্থীদের চেয়ে বিদ্রোহী প্রার্থীরাই শক্তিশালী অবস্থানে রয়েছেন। তবে দল সমর্থিতই হোক আর বিদ্রোহীই হোক, শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগ কিংবা বিএনপিরই এবং লড়াইটাও তাই আওয়ামী লীগ-বিএনপির- এমনটাই বলছেন পর্যবেক্ষক মহল।
আওয়ামী লীগ গত এক সপ্তাহেরও বেশি সময় সিলেট বিভাগের ১৬ পৌরসভায় ব্যাপক গণসংযোগ করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ শীর্ষস্থানীয় নেতারা চষে বেরিয়েছেন এক পৌরসভা থেকে অন্য পৌরসভায়। ‘উন্নয়নের’ কথা বলে মানুষের কাছে ভোট চেয়েছেন। ‘উন্নয়ন অব্যাহত রাখতে’ আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করতে আহবান জানিয়েছেন তারা।
অন্যদিকে বিএনপি রীতিমতো মনিটরিং সেল গঠন করে ১৬টি টিমের মাধ্যমে পুুরো বিভাগজুড়ে প্রচারণা চালিয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ, ‘নিখোঁজ’ ইলিয়াস আলী পতœী তাহসিনা রুশদি লুনাসহ জেলা-মহানগর বিএনপির শীর্ষ নেতারা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গেছেন। ‘আওয়ামী লীগের বাকশাল শাসনের’ বিপক্ষে মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে’ শরীক হয়ে বিএনপির প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানিয়েছেন তারা।
সবমিলিয়ে আজকের পৌর নির্বাচন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ-বিএনপি তথা নৌকা-ধানের শীষের জন্য মর্যাদার লড়াই। আওয়ামী লীগ ও বিএনপির নেতারাও মানছেন, অন্য দল থেকে মেয়র প্রার্থীরা প্রতিদ্বন্ধীতায় থাকলেও শেষপর্যন্ত লড়াইটা প্রধান দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
আজকের পৌর নির্বাচন নিয়ে সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ বলেন, ‘এ পৌর নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধাদের নির্বাচন। এ নির্বাচনে মানুষ বাকশালী আওয়ামী লীগকে প্রত্যাখ্যান ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘মানুষ আরো একবার উন্নয়নের স্বপক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করা বিএনপি-জামায়াতকে ছুঁড়ে ফেলবে মানুষ।’


