বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে মেম্বারদের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৬১২ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিনের বিরুদ্ধে এডিপি বরাদ্দের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সিলেটের জেলা প্রশাসক জয়লাল আবেদীনের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের সদস্যরা।
অভিযোগ পত্রে স্বাক্ষরকারী (১১জন) ইউপি সদস্যরা হলেন যথাক্রমে-শাহ সফিক মিয়া, ইয়াবর আলী, আশিক মিয়া, শেখ জামাল আহমদ খলকু, মোঃ ফয়জুল হক, জয়দীপ দাশ, প্রভাত রঞ্জন রায়, জিয়া উদ্দিন, আফিয়া বেগম, কুলসুমা বেগম ও দিলারা বেগম।
লিখিত অভিযোগ বিবরণে জানা গেছে, বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এমএ মতিন পরিষদের সদস্যদের সঙ্গে পরামর্শ না করে ইচ্ছে মতো প্রকল্প তৈরি করে ২০১৫-২০১৬ অর্থ বছরের এডিপি বরাদ্দে অনিয়ম-দুর্নীতির করে প্রকল্পের সিংহ ভাগই আতœসাৎ করেছেন।
উল্লেখিত বিষয়ে বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য ৬ জানুয়ারি চেয়ারম্যানের বিরুদ্ধে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামের নিকট একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন।
কিন্তু ইউএনও’র নিকট দাখিল করা অভিযোগটি কার্যত কোন অগ্রগতি না হওয়ায় ইউপি সদস্যরা অসন্তুষ্ট হয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিয়েছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও পরিষদের সদস্যদের পক্ষ থেকে জোর দাবী জানানো হয়েছে।


