উপজেলা বিএনপি’র সভাপতির বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৬ ইং, ৪:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৭১৭ বার পঠিত
নিউজ ডেস্ক::সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, লক্ষনাবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল হক শাহিন এর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের মাল লুটে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
চেয়ারম্যান নাসিরুল হক শাহিন জানান, মঙ্গলবার রাত আড়াই টার দিকে ১০ থেকে ১২ জনের ডাকাত দল বাসায় হানা দেয়। তারা বাসার সামনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে সবার হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা নগদ ৭ হাজার আমেরিকান ডলারসহ ৭ লাখ ৫৫ হাজার টাকা ও ২টি মেবাইল ফোন সেট নিয়ে যায়।
ডাকাতরা চলে গেলে গোলাপগঞ্জ থানায় খবর দেওয়া হলে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী ডাকাতির ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


