দীর্ঘদিন পর জগন্নাথপুর মিরপুর ইউপি নির্বাচন সম্ভাবনায় প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৭ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: জগন্নাথপুর উপজেলার মিরপুর ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন দীর্ঘ ১৪ বছর ধরে হচ্ছে না। জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার সীমান্ত নিয়ে বিরোধের কারণে নির্বাচন থেকে বঞ্চিত রয়েছেন দুই ইউনিয়নবাসী। এ নিয়ে দুই ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। যদিও একটি পক্ষ নির্বাচনের দাবিতে হাইকোর্টে রিট করলেও আরেক পক্ষ আপিল করেছেন।
অপরদিকে-আগামী মার্চ মাসের শেষের দিকে দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যান্য ইউনিয়নের মতো মিরপুর ও দশঘর ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারাও চান দেশের অন্যান্য ইউনিয়নের সাথে এ দুইটি ইউনিয়নের নির্বাচন হোক। তাই এ দুইটি ইউনিয়নের সকল সমস্যার সমাধান করে নির্বাচন হওয়ার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন মিরপুর ও দশঘর ইউনিয়নবাসী। তারই ফলশ্রুতি সরূপ আগামী মার্চ মাসের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওতায় জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন নির্বাচন হওয়ার সম্ভাবনায় ইতিমধ্যে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে তাদের সমর্থকরাও বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে জনগণের সামনে তাদের গ্রহন যোগ্যতা তুলে ধরছেন। এবার প্রথম বারের মতো স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীক পেতে তাদের দলীয় শীর্ষ নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে প্রবাসী প্রার্থীরা দেশে-বিদেশে একযোগে চালিয়ে যাচ্ছেন লবিং ও প্রচার-প্রচারণা। সব মিলিয়ে ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে মিরপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ।
৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জমির উদ্দিন (আ.লীগ),যুক্তরাজ্য প্রবাসী,জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সহ সভাপতি,যুক্তরাজ্য বিএনপির যুববিসয়ক সম্পাদক ও মিরপুর এইড ইউকের সাধারণ সম্পাদক হেভেন খান,যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল হক শেরিন (আ.লীগ), যুক্তরাজ্য প্রবাসী শিশু মিয়া (বিএনপি), এলাইছ মিয়া (আ.লীগ), খুরশিদ আলম (বিএনপি) সাহাব আলী (স্বতন্ত্র)। যদিও সীমানা নির্ধারন নিয়ে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার সৃষ্ট বিরোধে হাইকোর্টে মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ ইউনিয়নে নির্বাচন নাও হতে পারে। যদি নির্বাচন হয় তাহলে তারা প্রার্থী হবেন।


