সিলেটে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ: যুবকের ১৪ বছরের কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৬ ইং, ৩:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৭১৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের নূরজাহান কলেজের এক ছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন- মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের বীরাহাম গ্রামের তবারক আলীর ছেলে মো. লায়েক আহমদ (২৮)।সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত আসামিকে ১৪ বছরের সাজা দিয়েছেন। পাশাপাশি আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
তিনি আরো জানান, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে নূরজাহান কলেজের ছাত্রীকে এসিড নিক্ষেপ করে লায়েক আহমদ। পরদিন এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা (নম্বর-১৬) দায়ের করা হয়।


