জগন্নাথপুরে আসামী ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, ২০রাউন্ড গুলি
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ৭:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৫০ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: উপজেলার কলকলিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বুধবার রাত ৩টায় পুলিশ একটি খুনের মামলার পলাতক আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর লোকজনদের হামলায় ৫পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন-পুলিশ কনস্টেবল মিজান আহমদ, রুবেল মিয়া, নিতাই দাস, রফিকুল ইসলাম ও সুজন বৈঞ্চব।জানাযায়, জগন্নাথপুর থানার এস আই আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ হত্যা মামলার আসামী নোয়াগাঁও গ্রামের আব্দুল আহাদের পুত্র আকলু মিয়া (২৫) কে গ্রেফতার করে। এ সময় আসামীর আত্মীয় স্বজনরা ঐ পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। পরে পুনরায় পুলিশ ছিনিয়ে নিয়ে যাওয়া ঐ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামীর লোকজন গ্রামের মসজিদের মাইকে গ্রামে ডাকাত এসেছে এমন ঘোষনা দিলে শত শত গ্রামবাসী পুলিশকে ঘেরাও করে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে ঐ সময় পুলিশ ২০রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে জড়ো হওয়া লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এ ফাঁকে আসামী নিয়ে পুলিশ থানায় ফিরে।
থানার ওসি মো: মুরসালিন জানান, এঘটনায় থানার এস আই আব্দুল কাদের বাদী হয়ে গ্রেফতারকৃত আকলু মিয়াসহ ১০জনের নাম উল্লেখ করে পুলিশ এসল্ট মামলা রুজু হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


