বিশ্বনাথে সালমান হত্যাকাণ্ড: হদিস মিলছে না তিন লাখ টাকার
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৬ ইং, ১২:১১ অপরাহ্ণ | সংবাদটি ৮১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর সালমান হত্যার অন্যতম মোটিভ সেই তিন লাখ টাকার হদিস মিলছে না। সালমান হত্যার আগের দিন আত্মসাতের উদ্দেশে অন্যের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাকে দিয়ে ওই টাকা তোলা হয়। বিষয়টি প্রকাশ হওয়ার পরদিন সকালেই পাওয়া যায় সালমানের লাশ। কারা সালমানকে ব্যবহার করে টাকা তুলেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বিরের সৎ ভাই ফখরুল ইসলাম যুক্তরাজ্য থেকে গত বছরের ২৭শে ডিসেম্বর ব্র্যাক ব্যাংক বিশ্বনাথ শাখার তার নিজ অ্যাকাউন্টে ৫ লাখ টাকা জমা করেন। জমা হওয়ার তিন ঘণ্টার মধ্যেই ৩ লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে হাজির হয় ওই মাদরাসার ছাত্র সালমান (১৭)।
অ্যাকাউন্ট হোল্ডার নিজে এই চেক দিয়েছেন কি-না তা নিশ্চিত করতে ব্যাংক থেকে ফোন করা হয় অ্যাকাউন্ট ফরমে দেয়া মোবাইল নম্বরে। ওই নম্বর দেশে ব্যবহার করছিলেন অন্য কেউ। অপর প্রান্ত থেকে ফখরুল পরিচয় দিয়ে নিশ্চিত করা হয়।
এদিকে যুক্তরাজ্য থেকে টাকা জমার খবর নিতে গিয়ে ফখরুল জানতে পারেন কে বা কারা তার অব্যবহৃত একটি চেক ব্যবহার করে তিন লাখ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে ফখরুলের হয়ে এ বিষয়ে জানতে ব্যাংকে যান মাওলানা শিব্বির। তাকে টাকা উত্তোলনকারীর বিষয়ে ধারণা দেয় ব্যাংক। টাকা উত্তোলনকারী শনাক্ত করতে পরের দিন তাকে সিসি ক্যামেরার ফুটেজও দেখানোর কথা ছিলো। ব্যাংক ফুটেজ প্রকাশ করার আগেই রাতে খুন হয় সালমান। লাশ পাওয়া যায় সালমানের সহপাঠী ফখরুলের ছোট ভাই নাঈমের বাসার সামনে। ঘরে পাওয়া যায় তার ব্যবহৃত জুতা।
সিসি ক্যামেরার ফুটেজে যে পোশাক পরনে দেখা গেছে সালমানের লাশ উদ্ধারের সময়ও সে পোশাকই ছিল।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ব্যাংক থেকে টাকা সালমানই গ্রহণ করে। তদন্ত অব্যাহত আছে, আর কে বা কারা জড়িত সময়মতো তা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৯শে ডিসেম্বর রাতে খুন হন মাদানীয়া মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র সালমান আহমদ। এ ঘটনায় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, তার বোন জামাই মাওলানা বশির আহমদ, স্থানীয় রুবেল (২৫) ও রাহাত (২০) জেল হাজতে রয়েছেন। পুলিশ প্রথমে নাঈমকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।


