বিশ্বনাথে সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::বিশ্বনাথে বৃহস্পতিবার সকালে সরকারী সড়কে ব্যক্তি উদ্যোগে লাগানো দেড়শটি ছোটবড় গাছ কর্তনের তিনদিন পর ফের আরো ৬টি বড় গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাজাঞ্চী ইউপির তেলিকোনা গ্রামে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।জানা গেছে, উপজেলা প্রশাসনের লিখিত অনুমতি নিয়ে তেলিকোনা গ্রামের দক্ষিণ দিকের সরকারী সড়কের পাশে দুইশত গাছ রোপন করেন শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী। বৃহস্পতিবার সকালে গ্রামের কতিপয় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রোপনকৃত গাছের মধ্যে প্রায় দেড়শটি গাছ কেটে ফেলে। কিছু গাছ ও গাছের সাথের বাশের খুটি আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনায় গ্রামের ১০জনকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন তোফাজ্জুল ভান্ডারী। অভিযোগ দেবার কারণে তারা আরো ক্ষিপ্ত হয়ে রোববার ভোরে সরকারী ওই সড়কের বড় ছয়টি গাছ কর্তন করে। খবর পেয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর সুমন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।


