সিলেটে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:২১ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৮০ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকর হাওলদারপাড়াস্থ সুরমা ব্লক এলাকার ৪৮ নং বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে (সোমবার দিবাগত রাত) মদিনা মার্কেট কালিবাড়ি সিটি মডেল স্কুলের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরীর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা তার পরিবারের সবাইকে বেঁধে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
আশরাফুল ইসলাম চৌধুরী জানান, ৭-৮ জনের মুখোশধারী ডাকাতদল বাসার গেইটের তালা এবং ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে এক কক্ষে জড়ো করে হাত, পা ও মুখ বেঁধে রাখে। পরে চাবি নিয়ে আলমিরা খুলে ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা, ৮টি মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।
তিনি আরো জানান, মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় ডাকাতরা ফের ঘরের গেইটে তালা মেরে যায়।
এদিকে ডাকাতির খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার ওসি (তদন্ত) শ্যামল দত্ত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান চলছে।


