বিশ্বনাথে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসবে মানুষের ঢল
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিষ্ণুপুরে সিদ্ধ বকুলতলা ধামে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসবে সনাতন ধর্মালম্বীদের ঢল নেমেছে। বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা এসেছেন। প্রায় পাঁচশত বছর পূর্ব থেকে প্রতি মাঘী পূর্ণিমা তিথিতে অন্তর্ধান মহোৎসব পালন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা। সোমবার ছিল অন্তর্ধান মহোৎসব’র দ্বিতীয় দিন।
রোববার সকালে শ্রীশ্রী কালাচাঁদের অর্চ্চনা’র মধ্যে দিয়ে অন্তর্ধান মহোৎসব শুরু হয় ও মঙ্গলবার সকালে শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সমর্পন (পূর্ণা)’র মধ্যে দিয়ে অন্তর্ধান মহোৎসব সম্পন্ন হবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শ্রীশ্রী নাম ও লীলা কীর্তন পরিবেশনা করেন বিনোদ বিহারী দাস বাবুল (পনিটুলা-সিলেট), নিশি কান্ত তালুকদার (দাড়িয়াপাড়া-সিলেট), মিন্টু চক্রবর্তী (বাগবাড়ী-সিলেট), রতন মনি দাস বাবুল (ধল-দিরাই)।
শান্তিপূর্নভাবে অন্তর্ধান মহোৎসব সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করে ‘অন্তর্ধান উৎসব উদ্যাপন কমিটি’র সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক মানিক লাল দে ‘মহোৎসবে’ আগত সকল ভক্তবৃন্দ, প্রশাসন ও এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।


