বিশ্বনাথে ডাকাতির ঘটনায় মামলা,লুঠ হওয়া মোবাইল সেট উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে প্রবাসীর ভাই রেদওয়ান মিয়া বাদি হয়ে আটককৃত দুই ডাকাতের নাম উল্লেখ্য করে আরও ১৬জন অজ্ঞাতনামা রেখে এ মামলা দায়ের করেন। প্রবাসীর ঘর থেকে লুঠ হওয়া একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। আটককৃত দুই ডাকাতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মিরগাঁও গ্রামে সৌদি আরব প্রবাসী রহমত আলীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতদল প্রবাসী ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় নুর উদ্দিন (২১) নামের ১ ডাকাতকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা। সে সিলেট নগরীর কাজলশাহ ৮১/৩ এর বাসিন্দা ছাবুল মিয়ার ছেলে। তার স্বীকারুক্তিতে পরবর্তীতে শনিবার দুপুরে সিলেট শহরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে কৃষ্ণ দেব নাথ (২৮) নামের আরো এক ডাকাতকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। সে সিলেটের মেজরটিলা নাথপাড়া এলাকার বজেন্দ্র দেব নাথের ছেলে। ডাকাতদলের হামলায় আহতরা হলেন মিরগাঁও গ্রামের হাজী মরম আলীর পুত্র রজব আলী (৫০) ও রেদওয়ান মিয়া (৩২)।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতদের স্বীকারুক্তিতে লুণ্ঠত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। মালামাল উদ্ধার ও ডাকাতদলের বাকি সদস্যের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


