বিশ্বনাথে প্রার্থীদের টার্গেট এখন দলীয় প্রতিক
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৬ ইং, ১১:৩৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১৪৭৪ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা এখন ‘দলীয় প্রতীক’ কেড়ে আনার টার্গেট নিয়েছেন। সিলেটের বালগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক চেয়ারম্যান পদপ্রার্থী আগাম প্রচারণায় নেমে মাঠ চষে বেড়াচ্ছেন। এর মধ্যে অধিকাংশই দলীয় মনোনয়ন পেতে তারা নিজ দলের সিনিয়র নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। অনেকেই দলীয় প্রতীক পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আবার অনেকে দল থেকে মনোনয়ন লাভে ব্যর্থ হলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বনাথ সদর ইউনিয়নে নতুন-পুরাতন মিলিয়ে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। তাই এই ইউনিয়নকে নিয়ে ভোটারদের মধ্যে বেশি করে আলোচনা-সমালোচনা চলছে। অন্য ইউনিয়নগুলোতেও একই অবস্থা লক্ষ করা গেছে। চেয়ারম্যান প্রার্থীদের ন্যায় আগাম প্রচারণায় নেমেছেন প্রায় ২ শতাধিক সাধারণ সদস্য প্রার্থী।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন করতে বর্তমান ও সাবেক চেয়ারম্যান প্রার্থীদের পাশপাশি এ তালিকায় রয়েছেন ছাত্র নেতাসহ একাধিক নতুন মুখ। প্রচার-প্রচারণায় নতুন প্রার্থীদের তৎপরতা বেশি লক্ষ্য করা গেছে। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে তারা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। বর্তমান চেয়ারম্যানরাও নিজেদের স্বপদে বহাল রাখার জন্য ভোটারদের ভাগে আনার চেষ্টা করছেন। তবে বর্তমান চেয়ারম্যানদের ক্ষেত্রে বিগত ৫ বছরের সফলতা ও ব্যর্থতার বিষয়টি প্রাধান্য পাবে বলে সাধারণ ভোটাররা মনে করছেন।
বিশ্বনাথ সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মখদ্দুছ আলী, আ.লীগ নেতা জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী আবদুল হাই, প্রবাসী মহিউদ্দিন পলাশ, শফিক উদ্দিন, মদরিছ আলী মফজ্জুল, উপজেলা জাপার যুগ্ম-আহ্বায়ক রফিকুল আলম লালু।
মখদ্দুছ আলী দলীয় মনোনয়ন পেতে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এখন চারদিকে তরুণ প্রজন্মের জয়-জয়কার, আর তরুণরা আমাকে সমর্থন দিয়েছেন, তারা আমার জন্য কাজ করছেন’।
হাজী আবদুল হাই বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। এ জন্য দলীয় মনোনয়নের চাইতে দলের সমর্থনকেই আমি বেশি প্রাধান্য দিচ্ছি’।


