দাড়িয়াপাড়ায় যুবলীগ নেতার গাড়ি আটকে গুলি, ‘কুমকুম মামু’ আটক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০১৫ ইং, ১০:৪৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৭১ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় এক যুবলীগ নেতার গাড়ি আটকে অসৌজন্যমূলক আচরণ ও গুলি ছোঁড়ার ঘটনায় চিত্রনায়ক সালমান শাহ’র মামা আলমগীর কুমকুমকে আটক করেছে পুলিশ। সালমান শাহ’র মামা হওয়ার সুবাদে দাড়িয়াপাড়া এলাকায় আলমগীর কুমকুম ‘কুমকুম মামু’ হিসেবেই পরিচিত। বুধবার রাত (মঙ্গলবার দিবাগত রাত) ১টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রাইভেটকার নিয়ে মহানগর যুবলীগ নেতা শান্ত দেব তার পরিবারের সদস্যদের নিয়ে বাসায় ফিরছিলেন। আলমগীর কুমকুম’র বাসার সামনে আসার পর রাস্তার বাঁক অতিক্রমকালে গাড়ির হর্ণ বাজান শান্ত।
এসময় বাসার গেইটে দাঁড়ানো আলমগীর কুমকুম শান্ত দেবের গাড়ি আটকে হর্ণ বাজানোর কারণ জানতে চান। বাকবিতন্ডার একপর্যায়ে আলমগীর কুমকুম বাসা থেকে তার লাইসেন্স করা বন্দুক বের করে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন।
যুবলীগ নেতার সাথে অসৌজন্যমূলক আচরণের খবর পেয়ে জিন্দাবাজার থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ছুটে যান দাঁড়িয়াপাড়ায়। গুলির খবরে কোতোয়ালী থানার একদল পুলিশও আসেন ঘটনাস্থলে। পরে রাত ১টার দিকে পুলিশ তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। পুলিশের গাড়িতে বসেই ‘কুমকুম মামু’ সিগারেট ধরান।
রাত ২টার দিকে কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কুমকুমকে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।


