বালাগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ সুনামগঞ্জের নদী থেকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫ ইং, ৮:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৪ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: নিখোঁজের পাঁচ দিন পর দক্ষিন সুনামগঞ্জে নদী থেকে বালাগঞ্জের অটোরিকশা চালক ইকবাল আহমদ (২৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার মহাশিং নদীর ওপর নির্মিত ডাবর সেতুর নিচ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। সে বালাগঞ্জ উপজেলার রুপিয়া গ্রামের ছালাম মিয়ার পুত্র।
জানাযায়, কিছু দিন ধরে উপজেলার তিলকচাঁনপুর গ্রামের বাসিন্দা নুর উদ্দিন কর্তৃক মার্কেট থেকে সদ্য ক্রয়কৃত “হালিমা পরিবহন” নামের নাম্বার বিহীন অটোরিকশা গাড়িটি চালাতেন ইকবাল আহমদ।
গত ১৮মে রাত দশটার পর থেকে সিএনজি সহ চালক ইকবাল আহমদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে গাড়ির মালিক নুর উদ্দিন চালকসহ সিএনজি নিখোঁজের ঘটনায় ১৯মে বালাগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন।
এদিকে নিখোঁজের সন্ধান দাবি করে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বালাগঞ্জ শাখা ও এলাকাবাসীর উদ্যোগে গত বৃহস্পতিবার বালাগঞ্জ বাস ষ্টেশন এলাকায় এক মানববন্ধন কর্মসুচীও পালন করা হয়। মানববন্ধনে নিখোঁজ চালক ও গাড়ীর সন্ধান দাবী এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অবশেষে শনিবার দক্ষিন সুনামগঞ্জে নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধারের খবর পেয়ে ইকবালের পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি সনাক্ত করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি ছিনতাইকারীরা কৌশলে সিএনজি চালিত অটোরিকশাটি ভাড়া নিয়ে চালককে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।


