আজকের পত্রিকার সিলেট প্রতিনিধির ওপর হামলা
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ৪:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১২২০ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট ব্যুরো অফিসে কর্মরত জাতীয় দৈনিক আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাসের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এমন অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার পর দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে সুরমা মাকের্টের সামনে থেকে ৬-৭টি মোটর সাইকেলে দুর্বৃত্তরা এসে প্রথমে তুলে নিয়ে যায়। নগরীর জিন্দাবাজার ফরিদ প্লাজার ৬ষ্ট তলার ৬০২ নম্বর রুমে তাকে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। এসময় তার ওপর হামলা চালায় তারা। পরে আহত অবস্থায় অস্ত্রের মুখে কাইয়ুম উল্লাসের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বাইরে এনে ছেড়ে দেয়া হয়।
খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ওইদিন রাতেই কাইয়ুম উল্লাস বিষয়টি সিলেটের সিনিয়র সাংবাদিকদের জানানোর পাশাপাশি কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
কাইয়ুম উল্লাস জানান, একটি সামজিক সংগঠনের বিষয়ে বিরোধের জের ধরেই প্রতিপক্ষরা তাকে অপহরণের চেষ্টা চালানো হয়। ওই সংগঠনের সাধারণ সম্পাদক তিনি। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে এসময় তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি সংগঠন নিয়ে এর সভাপতি বাদশা গাজীর সঙ্গে মতবিরোধ চলছিল। বিভিন্ন বিষয় নিয়ে তার একক সিদ্ধান্তের প্রতিবাদ করার আমার ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি।
এদিকে মামলা দায়েরের পর কতোয়ালী মডেল থানার এসআই নজরুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। থানার ওসি সুহেল আহমদ মামলা ও ঘটনার সতত্য স্বীকার করে বলেন, আসামীদের আটকের জন্য অভিযান চলছে। খুব শিগগিরই দুর্বৃত্তদের ধরা হবে।


