১০ বছর পর দলীয় এমপি পেয়ে উজ্জীবিত বিশ্বনাথ আ.লীগ
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪ ইং, ৬:২৭ অপরাহ্ণ | সংবাদটি ২৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ১০ বছর পর দলীয় সংসদ সদস্য পেয়ে উজ্জীবিত উপজেলা-পৌর এবং তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বিপুল ভোটে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৭ জানুয়ারী এ নির্বাচনে তিনি জয়ী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা ফুরফুরের মেজাজে রয়েছেন। নির্বাচনের পরদিন নব-নির্বাচিত এমপি শফিকুর রহমান চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে নেতাকর্মীর মাঝে মিষ্টির বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষনীয়। অনুষ্ঠানটি পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নেতাকর্মীর সরব উপস্থিতির কারণে সেন্টারে নিচে অনুষ্ঠানটি নিয়ে আসা হয়। আজ বুধবার সংসদ সদস্য হিসেবে শফিকুর রহমান চৌধুরী শপথ গ্রহন করেছেন।
এদিকে, শফিকুর রহমান চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়ে দলীয় নেতাকর্মীরা ঝড় তুলেছেন।
জানাগেছে, ২৪ ঘণ্টার রাজনীতিবিদ বলা হয় শফিকুর রহমান চৌধুরী। তিনি ৭৫’র পরবর্তী সময়ে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে সিলেটে নিজেকে প্রকাশ করেন। এরপর পারিবারিক কারণে চলে যান লন্ডনে। সেখানে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক ছিলেন। লন্ডনের বাঙালিদের মধ্যে পুরাতন ব্যবসায়ী হিসেবে পরিচিত তার পরিবার। দীর্ঘ সময় লন্ডনেই রাজনীতি করেন। ২০০৬ সালের পর সিলেট-২ আসনে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ঠেক্কা দিতে নেতা খুঁজছিলো আওয়ামী লীগ। তখনই খোঁজ মিলে তার। দলের গ্রিন সিগন্যাল পেয়েই নিজ এলাকা বিশ্বনাথ ও বালাগঞ্জের আওয়ামী লীগের রাজনীতিতে নামেন শফিকুর রহমান চৌধুরী। সিলেট-২ আসনে আওয়ামী লীগের টিকিট পেয়ে যান। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শফিকুর রহমান চৌধুরী বিএনপির জাঁদরেল রাজনীতিক এম ইলিয়াস আলীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। সবার নজরে কাড়েন তিনি। ইলিয়াসকে পরাস্ত করার কারনে আওয়ামী লীগের অভ্যন্তরেও তার কদর বেড়ে যায়। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে। তখন সিলেট-২ আসনের এমপি তিনি। ওই সময় নির্বাচনের রাজনৈতিক কারণে সিলেট-২ আসনটি জাতীয়পার্টিকে ছাড় দিতে হয়েছিলো। নির্বাচনী মাঠে অবস্থান ভালো থাকার পরও শফিকুর রহমান চৌধুরী দলের স্বার্থে তার এমপি পদটি বিসর্জন দেন। নিজে নির্বাচনী ময়দান থেকে সরে গিয়ে জাতীয়পার্টির প্রার্থী ইয়াহহিয়া চৌধুরীকে জয়লাভ করতে মাঠে কাজ করেন। সফলতাও পান শফিক চৌধুরী। এরপর থেকে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে থাকেন। তবে-নিজ নির্বাচনী এলাকা থেকে বিচ্ছিন্ন হননি শফিকুর রহমান চৌধুরী। প্রতিদিনই সকাল থেকে ছুটে যেতেন এলাকায়। আর ফিরতেন রাতে। এমপি না হলেও তিনি সব সময় নেতাকর্মীসহ মানুষের পাশাপাশি ছিলেন। ২০১৮ সালও তার জন্য একইভাবে ছিলো অগ্নিপরীক্ষার। ওই বছরর শফিকুর রহমান চৌধুরী প্রার্থীর জন্য প্রস্তুতি নিয়েও শরিক দলকে ছাড় দিয়েছিলো আসনটি। পরপর দুদফা তিনি দলের স্বার্থের জন্য তার সংসদীয় আসনটি মহাজোটের শরীক জাতীয়পার্টিকে ছাড় দেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে দীর্ঘদিন ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অবশেষে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এব্যাপারে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলী বলেন, র্দীঘ ১০ বছর পর দলীয় এমপি পেয়ে নেতাকর্মীরা খুশি। উপজেলা সেচ্ছাসেবক লীগ এখন আরও সুসংগঠিত হবে। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষ কাজ করায় দলীয় নেতাকর্মীদের অভিনন্দন জানান।
পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী বলেন, দীর্ঘদিন পর দলীয় সংসদ সদস্য পেয়ে নেতাকর্মীর পাশাপাশি এলাকাবাসীও উজ্জীবিদ রয়েছেন। আমাদের নেতা শফিক চৌধুরী এমপি হওয়ায় এখন জনগণের কাঙ্খিত উন্নয়ন হবে।
পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলতাব হোসেন বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী পেয়ে উজ্জীবিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। এ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজও করেছেন দলের নেতারা। সকলের সহযোগিতায় আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরী আবারও এমপি নির্বাচিত হয়ে শপথ গ্রহন করেছেন। এ বিজয় শুধু আওয়ামী লীগের নয়, এ বিজয় বিশ্বনাথ-ওসমানীনগর বাসীর।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, র্দীঘ দিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও দলীয় এমপি না থকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন বিশ্বনাথ-ওসমানীনগরবাসী। বিশ্বনাথ-ওসমানী নগরের জনগণ এখন তাদের কাঙ্খিত উন্নয়ন পাবেন। দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার জনগণ এবার নৌকার পক্ষ কাজ করেছেন। যার ফলে শফিকুর রহমান টৌধুরী আবারও এমপি নির্বাচিত হয়েছেন। শফিক চৌধুরীকে নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীসহ এলাকার ভোটারদের তিনি অভিনন্দন জানিয়েছেন।



