বিশ্বনাথে ২৪টি মন্ডপের মধ্যে ১২টি অধিক ঝুকিপূর্ণ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, ৩:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা পূজা। আর এই মহোৎসবকে সামনে রেখে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে চলছে ব্যাপক প্রস্তুতি। শেষ সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা, আর আয়োজকেরা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলায় এবার ২৪টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা। দুর্গা পূজা উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের মনে বইছে উৎসবের আমেজ চলছে কেনাকাটার ধুম। উপজেলার ২৪টি পূজা মন্ডপের মধ্যে লামাকাজী ইউনিয়নে ৩টি, খাজাঞ্চী ইউনিয়নে ৪টি, রামপাশা ইউনিয়নে ১টি, দৌলতপুর ইউনিয়নে ২টি, দেওকলস ইউনিয়নে ১টি, দশঘর ইউনিয়নে ৪টি, বিশ্বনাথ পৌরসভায় ৭টি সার্বজনীন পূজা মন্ডপ রয়েছে। এছাড়া উপজেলার লামাকাজী ইউনিয়নে ২টি ব্যক্তিগত পূজা মন্ডপ রয়েছে। এবার ২৪টি মন্ডপের মধ্যে ১২টি মন্ডপকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছে থানা পুলিশ।
অধিক অধিক ঝুকিপূর্ণ মন্ডপগুলো হল- শ্রীশ্রী শিব ও দুর্গা বাড়ি পূজা কমিটি (দিঘলী), সুরমা বহুমুখী সংঘ (দিঘলী উত্তরপাড়া), সূর্যোদয় সনাতন সংঘ (মদনপুর), ত্রি-নয়নী পূজা কমিটি (চন্দগ্রাাম), শ্রীশ্রী বৃন্দাবন জিউর আশ্রম পূজা কমিটি (বৈরাগী বাজার), চরচন্ডী (দুর্গাপুর) পূজা কমিটি (চরচন্ডী), শ্রীশ্রী শনি মন্দির পূজা কমিটি (বিশ্বনাথ থানা সম্মুখ), বিশ্বনাথ সদর পূজা কমিটি (বিশ্বনাথ পুরান বাজার), রাধা গোবিন্দ যুব সংঘ পূজা কমিটি (বিশ্বনাথ নতুন বাজার), জানাইয়া পূজা কমিটি (জানাইয়া), শ্রীশ্রী কালীবাড়ি কালীগঞ্জ পূজা কমিটি (কালীগঞ্জ বাজার), কালীজুরী পূজা কমিটি (বাগিছা বাজার)।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সার্বজনীন ২২টি পূজা মন্ডপের মধ্য ১২টি মন্ডপকে অধিক গূরুত্বপূর্ণ ও ১০টি মন্ডপকে গূরুত্বপূর্ণের তালিকায় রাখা রয়েছে। তবে আমরা নিরাপত্তার স্বার্থে সবকটি মন্ডপকেই অধিকত্বর গূরুত্ব দিয়ে নিরাগত্তা প্রদান করে যাব। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য থানা পুলিশ, আনসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দেব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু বলেন, এবছর বিশ্বনাথ উপজেলায় ২৪টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টি সার্বজনীন ও ২টি ব্যক্তিগত। এছাড়া শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যে কোন প্রয়োজনে বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দ’সহ যে কেউ ওই মনিটরিং সেলের সাথে যোগাযোগ করতে পারবেন (মোবাইল ০১৭১২১৪৮১৪২, ০১৭১৩৮০৭৯২৬)। সর্বমহলের সার্বিক সহযোগীতায় অতীতের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা সম্ভব হবে।
বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজারস্থ শ্রী শ্রী শনি মন্দিরের পুরোহিত রণজিৎ ভট্টাচার্য্য রঞ্জু বলেন, ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। এরপর ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী এবং ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এবার পৃথিবীতে দশভুজার আগমন হবে হাতির পিঠে চড়ে আর কৈলাশে ফিরবেন দোলায়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায় বলেন, পূজাকে কেন্দ্র কওে কেউ যেন কোনো ফায়দা বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার পূজা মন্ডপ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। আর গুজব থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


