লতিফ সিদ্দিকীর মুক্তি : নগরীতে খেলাফতের বিক্ষোভ : আসছে কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৫ ইং, ১:২৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৮২ বার পঠিত
নিউজ ডেক্স:: হজ, তাবলিগ ও মহানবী (সা.) নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্যের দায়ে কারান্তরীর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দেওয়ায় নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছ বাংলাদেশ খেলাফত মজলিস।
সোমবার তারাবির নামাজ শেষে রাত সাড়ে ১০ টায় নগরীর তালতলা থেকে মিছিলটি বের হয়। এরপর নগরীর প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে চৌহাট্টায় এসে শেষ হয়। তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করলেও আজ রাতেই দলটি কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। কর্মসূচি নির্ধারণ করতে দলের কেন্দ্রীয় কমিটি ঢাকায় বৈঠকেও বসেছে বলে ওই সূত্র জানায়।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে অংশ নেন, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা গাজী রহমত উল্লাহ, দলের আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের বড় ছেলে মাওলানা ছামিউর রহমান মুছা প্রমুখ।
দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী জানান, মুরতাদ লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দিয়ে সরকার সারা দেশের মানুষের অন্তরে আঘাত দিয়েছে। এর বিরুদ্ধে তৌহিদী জনতা সোচ্চার হবে। বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রতিবাদে কর্মসূচি ঠিক করতে সোমবার রাতেই ঢাকায় বৈঠকে বসেছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় জামিনের পর আজ সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী। মুক্তির আগে তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) প্রিজন সেলের ক্যাবিন ব্লক ৫১২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন। পরে জামিনে মুক্তির সব কাগজপত্র যাচাই শেষে তাকে সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে প্রিজন সেল থেকে মুক্তি দেয়া হয়।
এর আগে গত ২৬ মে সাত মামলায় ছয় মাসের জন্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন লতিফ সিদ্দিকী। পরে গত ২৩ জুন আরো ১০ মামলায় তাকে হাইকোর্ট থেকে জামিন দেয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির এক মতবিনিময় সভায় হজ, তাবলিগ জামায়াত ও প্রধানমন্ত্রীপুত্র জয় সম্পর্কে বেশকিছু মন্তব্য করেন। ওই ঘটনার প্রতিক্রিয়ায় দেশে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়।


