মুকুলের বান্ধবী সিঁথিও কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ১২:১৪ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩৬৫ বার পঠিত
নিউজ ডেক্স:: বৃহস্পতিবার আদালতে হাজিরা শেষে গাজী টেলিভিশন থেকে চাকরিচ্যুত সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের বান্ধবী মেহেরুন বিনতে ফেরদৌস সিঁথিকে কারাগারে প্ররণের নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আবেদন নামঞ্জুর করে সিঁথিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর ১২টায় জামিন শুনানিতে সিঁথির আইনজীবী গোলাম মোস্তফা খান দাবি করেন, মুকুলের সঙ্গে তার কোনই সম্পর্ক নেই। তার স্বামী রাজিউল আমিনের সঙ্গেই তিনি বসবাস করছেন। মুকুলকে নির্যাতনে প্ররোচনা দেওয়ার সঙ্গে তার কোন সম্পর্ক নেই।
এ সময় সিঁথির জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ হিরু, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, অ্যাডভোকেট মবিনুল ইসলাম ও সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি। মুকুল ও সিঁথির কিছু অন্তরঙ্গ মূহুর্তের ছবি আদালতকে দিয়ে অ্যাডভোকেট হিরু বলেন, সিঁথি তার স্বামীর ঘর সংসার করলে অন্যের স্বামীর সঙ্গে এমন অন্তরঙ্গ ছবি আসে কিভাবে। মুকুলের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণেই মুকুল নাজনীনের উপর নির্যাতন করতেন বলেও তারা দাবি করে। এ সময় সিঁথির আইনজীবী এসব ছবি কম্পিউটারে তৈরি করা বলে দাবি করলে আদালত জানায়, মামলায় আত্মসমর্পন করলে তার জামিন হতে পারে, জেলও হতে পারে, এমন সঙ্কটময় মূহূর্তে তার স্বামী আদালতে নেই কেন? তিনি কোথায়? তার স্বামীকে নিয়ে আসেন। তিনি এসে সিঁথিকে জিম্মায় নিলেই জামিন হতে পারে। কিন্তু এ সময় সিঁথির স্বামী তাকে জিম্মায় নিতে অস্বিকৃতি প্রকাশ করায় আদালত তার জামিন না মঞ্জুর করে এবং জেলে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, মুকুলের স্ত্রী ও জনকণ্ঠের সাংবাদিক নাজনীন আক্তার তন্বী মামলায় সিঁথির সঙ্গে মুকুলের অবৈধ সম্পর্কের কথা প্রকাশ করে এবং তার নির্যাতনের অন্যতম কারণ হিসেবে উপস্থাপন করে। এরই প্রেক্ষিতে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেন।


