ওসমানীনগরে ওলামা দল নেতা খুন : আটক ৪
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ৭:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৫২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: পবিত্র শবে কদরের রাতে সিলেটের ওসমানীনগরে ওলামা দল নেতা ক্বারী সিরাজুল ইসলাম রিপন (৩০) খুন হয়েছেন। তিনি উপজেলার উছমানপুর ইউপির পরিয়ারখাই নোঁয়াগাঁও গ্রামের মৃত মন্তাজ উল্যার ছেলে এবং ওসমানীনগর ওলামা দলের সাধারণ সম্পাদক।
শবে কদরের রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় পাশ্ববর্তী সুনাতিতা এলাকায় অজ্ঞাতনামা দূর্বৃত্তরা চুরিকাঘাত করে তাকে হত্যা করে। বুধবার ভোরে খবর পেয়ে পুলিশ তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের গ্রামের আব্দুল কাইয়ুম চৌধুরী, জুনায়েদ আহমদ চৌধুরী, ছালিক আহমদ চৌধুরী এবং শরীফ আহমদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পারিববারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ক্বারীয়ানা পড়ানোর জন্য বাড়ি থেকে যাওয়ার পর মঙ্গলবার রাতে সিরাজুল বাড়ি ফিরেননি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বুধবার ভোরে স্বজনরা তাকে খোঁজতে গিয়ে ফকিরপাড়া এলাকায় তার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিবারের দাবি সড়কে তোরণ নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে আটককৃতরা তাদের সহযোগীদের নিয়ে সিরাজুলকে হত্যা করেছে।
নিহতের চাচাতো ভাই লোকমান আহমদ বলেন, গতকাল মঙ্গলবার সকালে ক্বারীয়ানা পড়ানোর জন্য আটকৃকতদের সাথে গ্রাম্য সড়কে একটি পাকা তোরণ নির্মাণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আমার ভাইকে তারা হত্যা করা হয়েছে।
ওসমানীগনর থানার অফিসার ইনচার্জ মুরসালিন খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্দেহজনক ভাবে ৪ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং এব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।


