এবারও ইলিয়াস পরিবারের নিয়ম রক্ষার ঈদ!
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ৯:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৪ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: ঈদ যে খুশি বা আনন্দের এই বলার প্রয়োজন হয়না। সকল দুঃখ কষ্ট,ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে সবাই মেতে উঠে যে যার মতো করে। ঈদের আনন্দে মাতোয়ারা থাকে উৎসবপ্রেমী গোটা দেশবাসি। বুধবার দুপুরে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা সন্তানের নিয়ে স্বামী ইলিয়াস আলীর গ্রামের বাড়িতে ঈদ করার জন্য এসেছেন। এখবরে এলাকার নেতাকর্মীরা বিকেল থেকে ইলিয়াস আলীর বাড়িতে ভিড় করছেন বলে জানাগেছে।
কিন্তু গত পাঁচটি ঈদ নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ছাড়াই দলীয় নেতাকর্মী ও তাঁর পরিবার ঈদ পালন করেন। তবে তাদের মধ্যে ছিলনা ঈদের কোন আনন্দ। এবারের ঈদে ইলিয়াস আলী কে নিয়ে ঈদ করতে চান তাঁর জন্মস্থান সিলেটের বিশ্বনাথবাসি। গত কয়েকটি ঈদের আনন্দের ছোঁয়া লাগেনি নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীর পরিবারের। নিরানন্দ ঈদ পালন করেছে ইলিয়াস পরিবার। ইলিয়াসবিহীন এনিয়ে পাঁচটি ঈদ পালন করে তাঁর পরিবার ও বিশ্বনাথবাসি। প্রতি বছর ঈদ এলে নিখোঁজ সাবেক সাংসদ ইলিয়াস আলী মায়ের সঙ্গে ঈদ করতে স্ত্রী-সন্তানদের নিয়ে তাঁর জন্মস্থান সিলেটের বিশ্বনাথের রামধানা গ্রামে ছুটে আসতেন। নিজ হাতে পরিবারের সবার জন্য ঈদের জামা-কাপড় কিনে আনতেন। বাড়ির পাশে নিজের গড়া রামধানা শাহী ঈদগাহ মাঠে ঈদের নামাজ এলাকাবাসীর সঙ্গে আদায় করতেন ইলিয়াস আলী। ঈদের দিন কুশল বিনিময় করতে ছুটে আসতেন তাঁর নির্বাচনী এলাকাসহ সিলেট অঞ্চলের দলীয় নেতাকর্মী ও শুভাকাংখিরা। ঈদের পুরোটা সময় এলাকাবাবাসী ও পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে কাটাতেন ইলিয়াস আলী। কিন্তু গত পাঁচটি ঈদই কেটেছে এর ব্যতিক্রমভাবে। এসব কিছুই যেন অতীত হয়ে গেছে ইলিয়াস পরিবারের কাছে। আর এসব স্মৃতি তাড়া করছে পরিবারের সকল সদস্যদের। নিখোঁজ ইলিয়াস আলীর পথের দিকে চেয়েই নিয়ম রক্ষার ঈদ করছেন ইলিয়াস পরিবার। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর গ্রামের বাড়ি বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের রামধানায় তাঁর মা সূর্যবান বিবি ও পরিবারের সদস্যদের সঙ্গে গত পাঁচাট ঈদ করেছেন ইলিয়াসের সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা, ছেলে আবরার ইলিয়াস, নাবিদ, মেয়ে সাইয়ারা নাওয়াল। কিন্তু এবারের ঈদে ইলিয়াস আলী ফিরে আসবে সেই আশায় বুক বেঁধে রয়েছেন বিশ্বনাথবাসী ও তাঁর পরিবার।
২০১২ সালের ১৭ এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়ি চালক আনসার আলী। নিখোঁজ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাদের কোন সন্ধান না পাওয়ায় ইলিয়াস আলীর নিজ জন্মভূমি বিশ্বনাথ উপজেলাবাসীর মধ্যে বিরাজ করছে হতাশা। কিন্ত শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। কবে শেষ হবে এই অপেক্ষার পালাক, কবে ফুঁটবে ইলিয়াস আলী ও আনসার আলীর পরিবারের মুখে হাসি এই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। তবুও নিখোঁজ ইলিয়াস আলীর অপেক্ষায় অধির আগ্রহে অপেক্ষা করছেন তার পরিবার, নিজ দলের নেতাকর্মীরা ও বিশ্বনাথের সর্বস্থরের মানুষ। বুক ভরা আশা নিয়ে এখনও ছেলের অপেক্ষায় আছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর মাতা বৃদ্ধা সূর্য্যবান বিবি ।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, সত্যিকার অর্থে আমাদের পরিবারে ঈদের কোন আমেজ নেই। শুধু নিয়ম পালন করতে আর বয়োবৃদ্ধ শ্বাশুড়ির সঙ্গে সময় কাটাতে ছেলে-মেয়েকে নিয়ে ঈদে বাড়িতে আসা। এতদিন পেরিয়ে গেল আজোও স্বামীর কোন সন্ধান পেলাম না। একে একে কেটে গেছে পাঁচটি ঈদ। এবার ঈদের জামাতের পূর্ব মুহুর্ত পর্যন্ত স্বামীর অপেক্ষায় থাকব। এ অপেক্ষার শেষ কবে হবে তা একমাত্র আল্লাহ জানেন বলে তিনি জানান।


