ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় শিশু শাওনের লাশ উদ্ধার (আপডেট)
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ৮:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৩ বার পঠিত
শিপন আহমদ ওসমানীনগর: সিলেটের ওসমানীনগরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করে বিকাল ৪টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করে দমকল বাহিনীসহ পুলিশ সদস্যরা। প্রশাসনের উদ্ধার কাজের সমাপ্ত ঘোষনার করার ৩ ঘন্টা পর স্থানীয়রা অভিযান চালিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতদের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছে। নিহতদের মধ্যে দুই মহিলার পরিচয় পাওয়া গেলেও ক্ষতবিক্ষত থাকায় পুরুষ লাশটির পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতরা হলেন হবিগঞ্জ সদরের মঈন উদ্দিনের পুত্র মেহেদী হাসান শাওন (৪),উপজেলার নোয়াগাঁও গ্রামের সুজিনা বেগম (৩৫) ও মুন্নি বেগম (৪০)। দূর্ঘটনায় প্রায় ৩৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাম্মন গ্রাম নামক স্থানে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার যুগান্তর পরিবহনের সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাসড়কের এ অংশে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ চরম দূর্ভোগের স্বীকার হন।
খবর পেয়ে দমকলবাহিনী ও ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করেন। বিকাল চারটার দিকে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা দেন। পরে মহাসড়কে যান চলাচল স্বভাবিক করেন। ধারনা করা হচ্ছে ঘটনাস্থলে আরও মৃত ব্যাক্তি থাকতে পারে। পুকুরটি গভীর থাকায় এবং প্রচুর কচুরীপানা থাকার কারনে লাশ উদ্ধার করতে দমকল বাহিনীসহ উদ্ধারকারীদের হিমশিম খেতে হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন ও হাইওয়ে পুলিশের পরিদর্শক নুরুন নবী জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। পুকুরের মধ্যে প্রচুর কচুরিপনা থাকায় উদ্ধার কাজে কিছু সমস্যা হয়েছে । তারপরও পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তিনটি লাশ উদ্ধারসহ আহতদের তাৎক্ষনিক সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে সন্ধ্যায় এক শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।


