১২ লাখ টাকায় ঘর নির্মিত হচ্ছে খুন হওয়া রাজনের বাড়িতে!
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ১১:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ১৫৩৯ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজনের বাড়িতে ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন পাকা ঘর। ইতোমধ্যে সেই ঘরের নির্মাণ কাজের উদ্বোধনও অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী মদিনাতুল খাইরী আল ইসলামী ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদ।
মূলত মদিনাতুল খাইরী আল ইসলামী ইউকে-র অর্থায়নেই রাজনদের নতুন পাকা ঘর নির্মিত হচ্ছে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদ জানান, শুধু ঘর নির্মাণই নয়, অন্যান্য সব ক্ষেত্রেও তিনি রাজনের পরিবারের পাশে থাকবেন।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনে হত্যা করা হয়। নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। সর্বত্র ওঠে সমালোচনার ঝড়।
ইতোমধ্যে রাজন হত্যা মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ৮ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। হত্যাকান্ডের মূল হোতা কামরুল ইসলাম সৌদিতে আটক রয়েছে।


