সিলেটে বরযাত্রীবাহী কারকে বাসের ধাক্কা, আহত ৯
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৫ ইং, ৫:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৩১ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে রোববার সড়ক দুর্ঘটনায় ৯ ব্যক্তি আহত হয়েছেন। বেলা ২টায় উপজেলার হেতিমগঞ্জ কায়স্তগ্রামের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার থেকে বরযাত্রী নিয়ে একটি প্রাইভেটকার (সিলেট-গ ১১০৩৫৫) সিলেট আসছিল। বেলা ২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কায়স্তগ্রামের পাশে আসা মাত্রই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ওই কারকে ধাক্কা দেয়। এতে কার ও বাস পার্শবর্তী খাদে পড়ে যায়। এতে কারের দুই যাত্রী ও বাসের সাত যাত্রী আহত হন। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ রেকার দিয়ে কার ও বাস উদ্ধার অভিযান শুরু করে।
গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদে পড়া কার ও বাস উদ্ধার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।


