ইউকে বিএনপিকে খুন, গুমের ঘটনা বিশ্বসম্প্রদায়ের কাছে তুলে ধরার আহবান জানালেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৯:০০ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৩ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ,যুক্তরাজ্য থেকে:: লন্ডন পৌঁছার তিন দিনের মাথায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতাদের সাক্ষাত দিলেন বিএনপি চেয়ারপার্সন। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় কিংস্টোনের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লন্ডন সফররত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে, ৫% জনপ্রিয়তা নিয়ে এই সরকারের ক্ষমতায় থাকার কোন নৈতিক ভিত্তি নেই। তাই অবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচন জরুরী। শুক্রবার রাতে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠক সুত্রে জানা যায়, প্রায় দেড়ঘন্টা ব্যাপী এই বৈঠকে বেগম জিয়া বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, দেশ একটি কঠিন সময় পার করছে। দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন নেই। বিচারবিভাগ নিয়ন্ত্রণ করছে সরকার। দেশে কোনো সুবিচার আশা করা যায় না। প্রতিবাদ করলে জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়। ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা, খুন, গুম অব্যাহত রয়েছে। বেগম জিয়া খুন, গুমসহ বর্তমান সরকারের সকল অগণতান্ত্রিক কার্যকলাপ বিশ্বসম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান জানান। দেশে গুম দিবস পালন করতে সরকার বাধা দিয়েছে উল্লেখ করে বৈঠকে বেগম জিয়া বলেন, সরকার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করে কিন্তু তাদের দলের মধ্যেই অনেক জঙ্গি লুকিয়ে রয়েছে।
বৃটিশ ভিসা সেন্টার ভারতে স্থানান্তরে বাংলাদেশীদের ভিসা পেতে নানা সমস্যা হচ্ছে উল্লেখ করে বেগম জিয়া ভিসা সেন্টার পুণরায় বাংলাদেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা চালাতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বৈঠকে নেতৃবৃন্দ যুক্তরাজ্যে বিএনপির কার্যক্রম ও তৎপরতা বেগম জিয়াকে অবহিত করলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, এম লুৎফুর রহমান, আক্তার হোসেন, মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, আনোয়ার হোসেন খোকন, শেখ শামসুদ্দীন শামীম, প্রফেসর ফরিদ উদ্দিন।
বুধবার সকালে লন্ডন পৌঁছেন খালেদা জিয়া। গত দুই দিন ধরে তিনি লন্ডনে অবস্থান করলেও তাঁর সাক্ষাৎ পাননি দলীয় নেতা-কর্মীরা। একান্ত পারিবারিকভাবেই সময় কাটান তিনি। সফরের তৃতীয়দিন গতকাল শুক্রবার রাতে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতাদের সাক্ষাত দিলেন বিএনপি চেয়ারপার্সন। চোখ ও পায়ের চিকিৎসা শেষে আগামী ১লা অক্টোবর বেগম জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে বেগম জিয়ার সাথে আলাপ কালে যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকের আহবায়ক আবুল কালাম আজাদ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোজ হওয়ার পর থেকে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সহ সরকার পতন আন্দোলনে বিশ্বনাথ বিএনপি পরিবারের সকল কর্মসূচি ব্যাপারে অবগত করলে বেগম জিয়া জানান আমি নিজে বিশ্বনাথ উপজেলার সকল খবর রাখি যারা নিজের জীবনের ঝুকি নিয়ে মামলা হামলার শিকার হয়ে ইলিয়াস আলীর সন্ধানের জন্য ও অবৈধ সরকারের পতন এর আন্দোলন করে যাচ্ছে তাদের সাথে সকল সময় আমরা আছি।


