দিরাইয়ে তুচ্ছ ঘটনায় যুবক খুন
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৫ ইং, ১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৮০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডটকম ডেক্স :: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামে তুচ্ছ ঘটনায় বাবুল পাল (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-ওই গ্রামের আফতাব মিয়ার স্ত্রী তকমনা খাতুন (৫৫), ছেলে সুফি (২৫), সেলিম (২৩), সুফির স্ত্রী উজ্জ্বলা বেগম (২২) ও সেলিমের স্ত্রী মোমেনা (২০)।
পুলিশ জানায়, টুকদিরাই গ্রামের আফতাব মিয়ার বাড়িতে টিউবওয়েল বসানোর জন্য আসা শ্রমিকদের নিজের ঘরে থাকতে দেন প্রতিবেশী বাবুল পাল। সকালে বাবুল তার মোবাইল ফোনটি খুঁজে না পেয়ে আফতাবকে বিষয়টি জানান। এসময় আফতাব জানান যে তার কোনো শ্রমিক মোবাইল ফোন নেননি। এনিয়ে বাবুল ও আফতাবের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আফতাব ও তার পারিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে বাবুলকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


