ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, নিখোঁজ ৪ : চলছে উদ্ধার কাজ (আপডেট)
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ৫:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১৩৫৬ বার পঠিত
শিপন আহমদ, ওসমানীনগর থেকে :: সিলেটের ওসমানীনগরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এখন পর্যন্ত (বিকাল ৫ টা পর্যন্ত) তিন জনের লাশ উদ্ধারসহ প্রায় অর্ধশতাধিক লোকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাম্মন গ্রাম নামক স্থানে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার যুগান্তর পরিবহনের সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় এ দূর্ঘটনাটি ঘটে।। বাসটির ভেতর থেকে এ পর্যন্ত দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১ শিশুসহ ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় আহত হয়েছে ৫০ জন যাত্রী। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সাড়ে ১২টা থেকে মহাসড়কের এ অংশে যান চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে দমকলবাহিনী ও ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনা কবলিত বাসটিকে রেকার দিয়ে টেনে পাড়ে তোলার চেষ্টা করছেন এবং নিখোঁজদের উদ্ধারে পুকুরে তল্লাশি চালাচ্ছেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাস (নম্বর ঢাকা মেট্রো জ-১১-০৮৭৭) সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণ গ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসটিতে প্রায় ৬৫ জনের মতো যাত্রী ছিল বলে আহত একাধিক যাত্রীরা জানান।
বাস থেকে বেরিয়ে সাতার কেটে পাড়ে আসা হবিগঞ্জের নওগার প্রিয়া বেগম। বি-বাড়িয়ার নাসির নগর থানার কাকাতোরা গ্রামের জিয়াউর রহমান (৩৫) জানান, বাসের ছাদেও অতিরিক্ত যাত্রী ছিল ওই বাসে থাকা প্রিয়ার দুজন ফুফুতাড়া এখনও হবিগগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের সুজিনা বেগম (৩৫) ও মুন্নি বেগম (৪০) কে এখন খোঁজে পাওয়া যাচ্ছে না। অপর নিহত পুরুষ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বাস যাত্রী মঈন উদ্দীন জানান বাসের মধ্যে তাঁর সাথে থাকা স্ত্রীকে খোঁজে পেলেও ৪ বছরের শিশু মেহেদী হাসান শাওহনকে খোঁজে পাওয়া যাচ্ছে না। পুত্র শোকে ইতিমধ্যে তাঁর স্ত্রী প্রায় পাগল হওয়ার উপক্রম হচ্ছে। হতাহতদের সবার বাড়ি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া,সায়েস্তাগঞ্জ, মাধবপুর ও বাহুবলের বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধিন গুরুতর আহতরা হলেন, মো. হাবিবুর রহমান (৬০), মনু মিয়া (৫০), জেসমিন বেগম (২৫), আবু তালেব (৪৫), আলী হোসেন (২৩), অন্তর (২২) ও আনিস মিয়া (২৫), জিয়াউর রহমান (৩৫),জুলেকা (৩০),প্রিয়া(১৮) ছাড়া অনান্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
উদ্ধার অভিযানে ঘটনাস্থলে থাকা ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন ও হাইওয়ে পুলিশের পরিদর্শক নুরুন নবী জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। পুকুরের মধ্যে প্রচুর কচুরিপনা থাকায় উদ্ধার তৎপরতায় সমস্যা হচ্ছে। তারপরও পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা বাসটি উদ্ধার ও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজের সুবিধার জন্য সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রয়েছে।


