বিশ্বনাথে সুজিনা হত্যাকান্ডের এক ঘাতক ছুরিসহ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৫ ইং, ৮:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৪৭৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী মুরাদ আহমদের দ্বিতীয় স্ত্রী সুজিনা বেগম হত্যাকান্ডের ঘটনায় গয়াছ মিয়া (৪২) নামের এক ঘাতককে ছুরিসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত জহির উল্লার পুত্র। বৃহস্পতিবার দিবাগত ভোররাতে গয়াছকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের পর ঘাতককে নিহত সুজিনার মা রেজিয়া বেগম ও ছোট ভাই জহির উদ্দিনের সামনে আনা হলে তাঁরা গয়াছকে চার ঘাতকের একজন হিসেবে সনাক্ত করেন। জিজ্ঞাসাবাদের গয়াস হত্যাকান্ডে জড়িতদের নাম প্রকাশ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার বাদি ও নিহতের মামা আবদুন নূর বলেন, প্রবাসী মুরাদ আহমদের প্রথম স্ত্রী সাবিনা বেগমের সৎভাই ডাকাত সর্দার জুনাব আলী ও একই গ্রামের আওলাদ হত্যাকান্ডে জড়িত ছিল বলে গয়াস পুলিশের কাছে স্বীকার করেছে।
ছুরিসহ ঘাতক গয়াস মিয়াকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ রফিকুল হোসেন বলেন, গয়াছের স্বীকারোক্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সুজিনা বেগম হত্যার ঘটনায় আহত তার মা রেজিয়া বেগম,ভাই জহির উদ্দিন গ্রেফতারকৃত আসামিকে সনাক্ত করেন। আসামির বাসা থেকে ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
নিহত সুজিনার ভাই জহির উদ্দিন (১২) বলেন, গ্রেফতারকৃত আসামি তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বলে সে জানায়।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুরাদ আহমদের স্ত্রী সুজিনা বেগম ও তার মা রেজিয়া বেগমকে দূর্বৃত্তরা দারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সুজিনা ও তার রেজিয়া বেগম গুরত্বর সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সুজিনার মৃত্যু হয়। এঘটনায় মঙ্গলবার নিহতের মামা ক্বারী আবদুর নুর বাদী হয়ে চারজনের নাম উল্লেখ্য করে আরও ৪-৫জনকে অজ্ঞাতনামা আসামি রেখে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৪।


