পানিতে ডুবিয়ে স্ত্রীকে হত্যা করলো স্বামী
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৫ ইং, ৮:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৯০৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: এক পাষণ্ড স্বামী স্ত্রী সুমাইয়া আক্তার মনিকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক স্বামী মঈন উদ্দিন (৪২) ও তার ছোট ভাই আইন উদ্দিনকে (৩২) আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামের মঈন উদ্দিন তার স্ত্রী সুমাইয়া আক্তার মনিকে শনিবার ভোররাতে বাড়ির পাশের পুকুরে নিয়ে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। এসময় গৃহবধূ মনির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু ঘাতক মঈন উদ্দিনের হাতে লাঠি থাকায় কেউ সাহস করে গৃহবধূকে উদ্ধারে পাশে যেতে পারেনি। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে কুলাউড়া থানা পুলিশকে ঘটনা অবহিত করলে এসআই নুর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘাতক মঈন উদ্দিন স্ত্রীর মৃত্যু নিশ্চিত করতে লাঠিতে ভর করে প্রায় পাঁচ ফুট পানির নিচে পা দিয়ে গৃহবধূর গলায় চেপে ধরে।
এসআই নুর হোসেন জানান, মঈন উদ্দিনকে আটক করে পুকুরের নিচে কাদায় পুঁতা অবস্থায় গৃহবধূ মনিকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহতের বড়ভাই লাকী মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।


