কোম্পানীগঞ্জে সংঘর্ষে নিখোঁজ ব্যক্তির লাশ মিলেছে : নিহত ২
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫ ইং, ৯:০১ অপরাহ্ণ | সংবাদটি ৬১৬ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দুলাইন বিল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিখোঁজ ব্যক্তির লাশ পাওয়া গেছে। বিলের পার্শ্ববর্তী একটি মুর্তাবাগানের ভিতর লাশটি পাওয়া যায়। সংঘর্ষে নিহতরা হলেন বাতুমারা নোয়াগাঁও গ্রামের করামত আলীর ছেলে আব্দুল খালিক (৪৫) ও একই গ্রামের মৃত আজিম আলীর ছেলে শেখ ফরিদ আলী (৪৮)।
শনিবার বিকেলে উপজেলার দুলাইন বিল দখল নিয়ে তেলিখাল এলাকার তুরাব আলী ও শিমুলতলা এলাকার আব্দুল হক সরকারের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দুলাইন বিল দখল নিয়ে তুরাব আলী ও আব্দুল হক সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, বিকেল দু’টি পক্ষের লোকজন বিল দখলের জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তবে স্থানীয় সূত্র বলেছে এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সংঘর্ষকালে ঘটনাস্থলেই আব্দুল খালিক ও শেখ ফরিদ মারা যান। ঘটনার পর থেকে শেখ ফরিদের লাশ পাওয়া যাচ্ছিলো না। রাত সাড়ে ৮ টায় বিলে তার লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসামানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


