বালাগঞ্জে সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে বিক্রয় কর্মীর দাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ!
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৫ ইং, ১১:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৭০০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জে সেচ্ছাসেবকলীগ নেতা এক বিক্রয় কর্মীর দাত ও পা ভেঙ্গে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা আড়াইটার দিকে বালাগঞ্জ-তাজপুর সড়কের ইলাশপুর বাজার সংলগ্ন বড়ইতল নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতের নাম দয়াল দাস (৩৯)। তিনি বালাগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকার মৃত করুনা দাসের ছেলে। দয়াল দাস একটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি (সেলসম্যান) হিসেবে কর্মরত রয়েছেন।
এ ঘটনায় দয়াল দাসের চাচাত ভাই মনোজ দাস বাদী হয়ে সোমবার রাত আটটায় বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে ওসমানীনগর থানার হরিপুর গ্রামের ছানা পালের ছেলে ওসমানীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক’ চঞ্চল পাল (৪০) সহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয় জনকে অভিযুক্ত করা হয়েছে।
দয়াল দাসের চাচাতো ভাই মনোজ দাস জানান, দয়াল দাস কোম্পানীর মালবাহী টেম্পু গাড়ী নিয়ে ঘটনাস্থলে দাড়িয়ে থাকা বালাগঞ্জ গামী একটি বাসের চালকের সাথে কথা বলছিলেন। এই সময় চঞ্চল পাল সহ আর পাঁচ-ছয় জনও দুটি মটর সাইকেল যোগে বালাগঞ্জের দিকে যাচ্ছিলেন। তখন গাড়ী অভার টেকিং করা নিয়ে চঞ্চল পাল দয়াল দাসকে গালি দেন। এতে দুজনের মধ্যে কথাকাটি হলে চঞ্চল পাল ও তার সাথে থাকা অন্যান্যরা উত্তেজিত হয়ে দয়াল দাসকে মেরে আহত করেন। চঞ্চল পালের হাতে থাকা হ্যালমেট দিয়ে দয়াল দাসকে আঘাত করলে তার দুটি দাত ভেঙ্গে যায় এবং তার ডান পায়ের গোড়ালীর হাড় ভেঙ্গে গেছে। আহত দয়াল দাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এব্যাপারে অভিযুক্ত সেচ্ছাসেবকলীগ নেতা চঞ্চর পালের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


